পরিচিত মুখের অনেকেই নেই। আইপিএল-পিএসএলে খেলার কারণে বলতে গেলে বাংলাদেশ সফরে ‘বি’ দলই নিয়ে এসেছে নিউজিল্যান্ড। কিন্তু সেই খর্বশক্তির কিউইদের কাছেই গতকাল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। হারের পর সংবাদ সম্মেলনে গিয়ে সাইফ হাসান জানিয়েছেন, উইকেট মন্থর ছিল আর অসম বাউন্সের কারণে তাঁদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরে বসে। তবে সাইফ এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি। অন্যদিকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, মাঝেমধ্যে এরকম হতেই পারে।
গতকাল আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান তুলেছিল বাংলাদেশ। অধিনায়ক মিরাজ জানিয়েছেন, কিছু মিস ফিল্ডিংয়ের কারণে নিউজিল্যান্ডের রানটা একটু বেশি হয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে গিয়ে মিরাজ বলেছেন, ‘আমার মনে হয় আমরা অনেক ভালো বোলিং করেছি। এই উইকেটে ২৪৮ রান করা অত কঠিন নয়। ক্যাচগুলো ধরতে পারলে তাদের হয়ত ২০০ রানের কমে আটকাতে পারতাম। তবে অনেক ইতিবাচক ব্যাপারও আছে।’ ম্যাচের ঠিক আগ মুহূর্তে অনুশীলনে হাঁটুতে অস্বস্তি অনুভব করায় মোস্তাফিজকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। তাঁর পরিবর্তে একাদশে ঢুকে ১০ ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন শরীফুল। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘সে (শরীফুল) আগে জানত না. এই ম্যাচে খেলবে। মোস্তাফিজ চোটে পড়ায় ওকে খেলাতে হয়েছে। ও ভালোভাবে সুযোগটা কাজে লাগিয়েছে, উইকেট নিয়েছে।’
সংবাদ সম্মেলনে সাইফ জানিয়েছিলেন, ভুল সময়ে উইকেট পড়ায় ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বের হয়ে গেছে। একই কথা উঠে এসেছে অধিনায়কের কথাতেও, ‘অবশ্যই, টানা উইকেট হারালে প্রতিপক্ষ তো সুবিধা পাবেই৷ হৃদয় এবং লিটন দারুণ ব্যাটিং করেছে। আফিফও (হোসেন ধ্রুব) ভালো করল। তবে আমাদের ভালোভাবে ম্যাচ শেষ করতে হবে, নয়তো জিততে পারব না। সবাই জিততেই চাই। মাঝেমধ্যে এমন হতেই পারে।’






