স্বপ্ন প্রতিদিন ডেস্ক
এ বছরের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৩ লাখ ৪ হাজার ২৮৬ পরীক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী। সে হিসেবে এবছর পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ৫৬০ জন। রোববার (১৯ এপ্রিল) আন্ত:শিক্ষাবোর্ডের একটি সূত্র দৈনিক এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র রয়েছেন ১ লাখ ৬১ হাজার আর ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। কারিগরি শিক্ষার্থী বোর্ডে পরীক্ষার্থীরা সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। এরমধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ আর ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন, ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৫১০টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি। বোর্ড ভিত্তিক সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল শিক্ষা বোর্ডে। এবার এ বোর্ড থেকে ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেবেন এ পরীক্ষায়। এরমধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন, ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৬টি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি।
জানা যায়, চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) এ পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার রুটিনে বলা হয়েছে, ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে গতকাল শনিবার (১৮ এপ্রিল) যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে সাড়ে ৮টার থেকে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে জানানো হয়। আর আজ রোববার (১৯ এপ্রিল) সব কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানি রাখার নির্দেশনা দেয়া হয়।






