বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের চূড়ান্ত পরীক্ষায় গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। মোট ১২ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৬৬৪ জন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলের গেজেট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে হস্তান্তর করেন। পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ হাজার ২৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৬৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন এবং ছাত্রী ২ হাজার ৯৩৯ জন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে চলেছে।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য একটি নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াকে দ্রুততর এবং প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে বাউবি। এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে।’
উপাচার্য বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন গতি সঞ্চার করেছে এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার পূর্ববর্তী ধারণা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ হওয়ার সুযোগ নেই। পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীবান্ধব ও আধুনিক পরীক্ষাব্যবস্থা গড়ে তুলতে বাউবির বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন উপাচার্য। তিনি জানান, পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র এবং আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় ফলাফল প্রকাশ ও পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, পরীক্ষা কমিটি, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার, পরীক্ষা বিভাগ, আইসিটি বিভাগ এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে বাউবিকে মানবিক মূল্যবোধ ও গুণগত শিক্ষার একটি আরও শক্তিশালী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়।
শিক্ষার্থীরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ওয়েবসাইট result.bou.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন।