1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ইসরায়েলি হামলার নিন্দা নেতানিয়াহুর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ সময় দর্শন
সরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

স্বপ্ন প্রতিদিন ডেস্ক »

অধিকৃত পশ্চিম তীরের দুটি ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের চালানো হামলাকে ‘অপরাধমূলক সহিংসতা’ আখ্যা দিয়ে বিরল নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (২৯ আগস্ট) উত্তর পশ্চিম তীরের কুসরা ও জালুদ গ্রামে উগ্র বসতি স্থাপনকারীদের তাণ্ডব ও ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনার কয়েক ঘণ্টা পর তিনি এ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘কুসরা ও জালুদ গ্রামে একদল দাঙ্গাবাজের চালানো অপরাধমূলক সহিংসতার আমি তীব্র নিন্দা জানাই। তারা আইন ভঙ্গ করছে, আইন মান্যকারী ইহুদি সম্প্রদায়ের ওপর মারাত্মক অবিচার করছে, আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও সামরিক সূত্রে জানা গেছে, প্রায় তিন সপ্তাহের উত্তেজনার ধারাবাহিকতায় শনিবার কুসরা গ্রামে হামলা চালায় কয়েক ডজন বসতি স্থাপনকারী। স্থানীয় বাসিন্দা ইউসেফ আবদুল করিম হাসান জানান, কয়েকজন গ্রামবাসী একটি বাড়িতে কাজ করার সময় প্রথমে একদল বসতি স্থাপনকারী এসে হুমকি দেয়। পরে তারা আরও বেশিসংখ্যক উগ্র বসতি স্থাপনকারীকে জড়ো করে বাড়িটি অবরুদ্ধ করে ফেলে এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করতে থাকে। এর আগে চলতি আগস্ট মাসের শুরুর দিকে নাবলুসের নিকটবর্তী এই গ্রামের উপকণ্ঠে ফিলিস্তিনিদের বসতবাড়িতে খাবার ও জরুরি রসদ সরবরাহ বন্ধ করে বাসিন্দাদের অবরুদ্ধ করে রেখেছিল তারা।

সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায় উগ্র দাঙ্গাবাজরা একটি ফিলিস্তিনি বাড়িতে অবস্থান নেওয়া বাসিন্দাদের ঘিরে রেখে সংঘর্ষে লিপ্ত রয়েছে। এই ঘটনায় ফিলিস্তিনিদের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পরে নিরাপত্তা বাহিনী বসতি স্থাপনকারীদের সরিয়ে দেয় এবং হামলায় ব্যবহৃত সন্দেহে বেশ কয়েকটি যানবাহন জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করে। এলাকাটিতে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।

১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির পাশাপাশি আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত বিভিন্ন বসতিতে ৫ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বসবাস করছেন। অঞ্চলটিতে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক মাসগুলোতে তা ব্যাপক রূপ নিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে একই সময়ে ফিলিস্তিনিদের পাল্টা হামলা ও সামরিক অভিযানে অন্তত ৪৮ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host