পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জোরদার এবং বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীবের সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি এম. এ আউয়াল এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়াসহ অনেকে।
কনফারেন্সে মামলার দ্রুত নিষ্পত্তি, সুষ্ঠু তদন্ত, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব মামলা নিষ্পত্তির জটিলতাগুলো সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি নরসিংদীতে দ্রুত একটি চিফ জুডিসিয়াল ভবন নির্মাণের বিষয়েও আলোকপাত করেন তিনি।
অনুষ্ঠানে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শাহীন স্বাধীন