স্বপ্ন প্রতিদিন ডেস্ক »
গুমের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে শৃঙ্খলা বাহিনীর হাতে ক্ষমতা না দিয়ে তা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সুরক্ষা প্রদান এবং ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর অলোকার মোড়ে ‘অধিকার’-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি তোলা হয়।
মানবাধিকার সংগঠন অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও আরইউজে-র সহসভাপতি সাংবাদিক মঈন উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মাসুদ রানা রাব্বানী, রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন ও বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এম শামিম আক্তার এবং এতে অধিকারের পক্ষ থেকে মূল বিবৃতি পাঠ করেন গুম থেকে ফিরে আসা আল আমিন হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ থাকায় তাদের দিয়ে গুমের ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ায় কোনো শৃঙ্খলা বাহিনী বা আন্তঃবাহিনীকে তদন্তের দায়িত্ব দেওয়ার যে বিধান রাখা হয়েছে, তা নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। এছাড়া অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর শাস্তির বিধান ভুক্তভোগীদের আইনি সুরক্ষাকে বাধাগ্রস্ত করবে।
মানববন্ধন থেকে তিনটি মূল দাবি উত্থাপন করা হয়: ১. গুমের অভিযোগ তদন্তের স্পষ্ট আইনি ক্ষমতা স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া, ২. নিখোঁজ ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব পরিচালনার আইনি অধিকার পরিবারকে প্রদান করা ও ৩. গুম থেকে ফেরা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মিথ্যা মামলা ও সাজা পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করা।