স্বপ্ন প্রতিদিন ডেস্ক »
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় ১ পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। ২৯ আগষ্ট (শনিবার) রাত পৌনে ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বারাইহাট নামক স্থানে দিনাজপুরগামী ১টি মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী মোঃ হাবিবুর রহমান (৪৫) ফুলবাড়ী উপজেলার বারাইহাটখোলার প্রফেসরপাড়ার আব্দুর সামাদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব রাস্তা পার হবার সময় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা স্পিড ব্রেকার নির্মাণ ও মাইক্রোবাসটি আটকের দাবিতে সড়ক অবরোধ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ও ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় এবং স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর রাত ৯টায় অবরোধ তুলে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ঘাতক মাইক্রোবাসটিকে পরে আমবাড়ী নামক স্থানে আটক করা হয়। এ দূর্ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দিনাজপুর প্রতিনিধি » ইমাম রেজা