স্বপ্ন প্রতিদিন ডেস্ক
রোববার প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালকে ২-১ ব্যবধানে হারিয়ে লড়াই জমিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের জয়সূচক গোলে এখন গানারদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পেপ গার্দিওলার দল।
এই জয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্ট ব্যবধান তিনে নেমে এসেছে, হাতে রয়েছে একটি বাড়তি ম্যাচও। দীর্ঘ ২২ বছর পর আর্সেনালের লিগ শিরোপা জেতার স্বপ্ন যখন ফিকে হতে শুরু করেছে, তখন সিটির পক্ষে রয়েছে পূর্ণ দাপট। গত মাসে লিগ কাপ ফাইনালে এই সিটির কাছে হারের পর থেকে মিকেল আর্তেতার শিষ্যরা সব ধরনের প্রতিযোগিতায় শেষ ছয় ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে।
আগামী বুধবার অবনমন নিশ্চিত হতে যাওয়া বার্নলির বিপক্ষে জিতলেই এ বছর প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে সিটি। গত তিন মৌসুম ধরে দ্বিতীয় হওয়া আর্সেনাল আবারও ইংলিশ চ্যাম্পিয়ন হওয়ার দীর্ঘ প্রতীক্ষা শেষ করার সুযোগ হাতছাড়ার ঝুঁকিতে রয়েছে। যদিও তারা নিজেদের ভাগ্যকেও দোষ দিতে পারে, কারণ দ্বিতীয়ার্ধে হালান্ডের গোলের আগে-পরে দুবার তাদের শট পোস্টে লেগে ফিরে এসেছে।
রায়ান চেরকির দুর্দান্ত একক নৈপুণ্যে সিটি প্রথমে লিড নিলেও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে সমতায় ফেরে সফরকারীরা। কাই হাভার্টজ তাঁর ক্লিয়ারেন্স ব্লক করলে বল জালে জড়ায়। তবে শেষ পর্যন্ত আক্রমণের মানের ব্যবধানটাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ম্যাচের ২৫ মিনিট বাকি থাকতে নিজের মৌসুমের ৩৪তম গোলটি করে সিটিকে জয় এনে দেন হালান্ড।
ম্যাচের শেষ দিকে দোন্নারুম্মা এক বনাম এক লড়াইয়ে হাভার্টজকে রুখে দিয়ে নিজের আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন এবং ওডেগার্ডের ফিরতি শট গোললাইন থেকে ক্লিয়ার করেন ম্যাথিউস নুনেস। এর কিছুক্ষণ পরেই এবারিচি এজের শট পোস্টের ভেতরে লেগে গোললাইন দিয়ে গড়িয়ে চলে যায়। ভাগ্যের এই সহায়তায় সিটি সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। নিকো ও’রাইলির ক্রস থেকে গ্যাব্রিয়েলকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন হালান্ড।
ম্যাচ শেষে আর্তেতাকে হতাশায় মাঠে বসে পড়তে দেখা যায়। হাতে আরও পাঁচটি ম্যাচ থাকলেও শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে আর্সেনাল আবারও খেই হারিয়ে ফেলছে বলে মনে হচ্ছে।






