1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে প্রায় ৩ হাজার ৩১ কোটি টাকার বাজার মূলধন উধাও, নেই কোনো আলোচনা ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ সংসদে একটি খাতের কেনাকাটাতেই শত কোটির হরিলুট আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী মালয়ালম সিনেমার নতুন ইতিহাস, ১৫ দিনেই বিশ্বজুড়ে আয় ২০০ কোটি গড়ে ৭ ঘণ্টা লোডশেডিং, কারখানায় উৎপাদন ব্যাহত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নাম প্রস্তাব করেছে নয়াদিল্লি ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন গড়ে ৪৭ জন নারী ও কিশোরী নিহত হয়েছে: জাতিসংঘ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর নাম প্রস্তাব করেছে নয়াদিল্লি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৯ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো প্রতিবেশী কোনও দেশে রাজনৈতিক নিয়োগের পথে হাঁটছে ভারত। ঢাকায় নিযুক্ত নতুন হাইকমিশনার হিসেবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীর নাম প্রস্তাব করেছে নয়াদিল্লি। ঢাকায় নতুন দূত নিয়োগের বিষয়টি নিয়ে গত এক মাস ধরেই বিভিন্ন মহলে নানা নাম নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। শেষ পর্যন্ত বিজেপির জ্যেষ্ঠ এই নেতাকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বেছে নিলো নয়াদিল্লি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার লিখেছে, ত্রিবেদীর নাম ইতোমধ্যে ঢাকার কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অনুমোদন পাওয়ার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেবে।

দীর্ঘদিন ধরে পেশাদার কূটনীতিকদের মাধ্যমেই প্রতিবেশী দেশগুলোতে দূত পাঠিয়ে আসছে ভারত। বর্তমানে ভারতের একমাত্র রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত হলেন সাবেক পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তিনি অবসরের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত হয়েছেন। লন্ডন ও ওয়াশিংটনের বাইরে সাধারণত রাজনৈতিক নিয়োগের ঘটনা বেশ বিরল। তবে নরেন্দ্র মোদি সরকারের আমলে সাবেক সিবিআই প্রধান আর কে রাঘবনকে সাইপ্রাসে এবং সাবেক সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগকে সেশেলসে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আর প্রতিবেশী কোনও দেশে সর্বশেষ রাজনৈতিক নিয়োগের ঘটনা ছিল নব্বইয়ের দশকের শুরুতে। ওই সময় ইতিহাসবিদ বিমল প্রসাদকে কাঠমান্ডুতে পাঠানো হয়েছিল।

শেখ হাসিনার পতনের ১৮ মাস পর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর ভারত তাদের প্রতিবেশী দেশটিতে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক বেশ তিক্ত হয়ে পড়েছিল। এখন সেই সম্পর্ক নতুন করে সাজাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচনে বিএনপির জয় স্পষ্ট হওয়ার পর থেকেই তারেক রহমানের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় ভারত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন। এছাড়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম কোনও মন্ত্রী পর্যায়ের সফরে চলতি মাসের শুরুতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দিনের সেই সফরে বাংলাদেশ বেশ কিছু অনুরোধ জানিয়েছে। এর মধ্যে রয়েছে ভারত থেকে ডিজেল ও সারের সরবরাহ বৃদ্ধি এবং শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ। ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হওয়া ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়েও দুই পক্ষ সম্মত হয়েছে। এছাড়া জয়শংকর জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা, বিশেষ করে মেডিক্যাল ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।

প্রসঙ্গত, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা (১৯৯৪ ব্যাচের আইএফএস কর্মকর্তা) ব্রাসেলসে ভারতের দূত হিসেবে ইতোমধ্যে দায়িত্ব পেয়েছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী।

কে এই দীনেশ ত্রিবেদী?

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host