দেশের বিভিন্ন নদীতে গত সাত দিনে পরিচালিত অভিযানে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। একই সময়ে তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের এবং ৩০২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
আজ ২১শে মে, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নৌ-পুলিশ।
অভিযানে নদী থেকে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ি রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়িও জব্দ করা হয়। পাশাপাশি নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।
সাত দিনের এই অভিযানে দায়ের হওয়া মোট ৯৬টি মামলার মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইন মামলা, ১৩টি বেপরোয়া গতি আইন মামলা, ১১টি অপমৃত্যু মামলা, ৩টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি অপহরণ মামলা, ১টি চাঁদাবাজি মামলা, ১টি বালুমহাল মামলা, ১টি মাদক মামলা এবং ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা।






