পাবনা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীর খননকাজ জ্বালানির অভাবে বন্ধ রয়েছে। শনিবার প্রকল্পের পরিচালক সুধাংশু কুমার সরকার বলেন, “জ্বালানি সংকটের কারণে সমস্যা হচ্ছে। তবে জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।” ডিজেল না থাকায় আট দিন ধরে খননকাজ বন্ধ আছে। শিগগিরই আবার কাজ শুরু হবে বলে তিনি আশা করেন। নদীর বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে, খননকাজে ব্যবহৃত বড় বড় এক্সক্যাভেটরগুলো পড়ে আছে। শ্রমিক ও চালকরা অপেক্ষায় বসে আছেন। আটুয়া হাউজপাড়া এলাকার এক্সক্যাভেটর চালক রফিক বলেন, “আট দিন ধরে ডিজেল পাইনি। তাই কাজ করতে পারছি না, শুধু বসে থাকতে হচ্ছে।” সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্সের ঠিকাদার মো. আহাদ বলেন, বাজারে জ্বালানির সংকট থাকায় তারা ডিজেল পাচ্ছেন না। এতে প্রতিদিন তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। পাবনাবাসীর দাবির পর ২০২৩ সালে প্রায় এক হাজার ৫৫৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শুরু হয়। প্রকল্পের আওতায় মূল ইছামতী নদীর ৩৩ দশমিক ৭৭২ কিলোমিটারসহ মোট ১১০ দশমিক ২১৬ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজটি চলা এ প্রকল্প ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার কথা। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, “বারবার কাজ বন্ধ হচ্ছে। সামনে বর্ষা, কিন্তু কাজ এগোচ্ছে না। এতে মানুষের টাকার অপচয় হবে।” পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জ্বালানি সংকটের বিষয়টি তারা জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়েছেন। দ্রুত সমাধান হবে বলে আশা করছেন তিনি।