কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার ভোরে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রাকে থাকা ১৩ জন যাত্রী চাপা পড়ে সাতজন নিহত হন এবং ছয়জন আহত হন। ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্বপ্ন প্রতিদিন ডেস্ক






