দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র গায়িকা, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১।
গণমাধ্যমে কালজয়ী এ গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট মেয়ে সংগীতশিল্পী রুমানা ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন মাহবুবা রহমান।
শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে মাহবুবা রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
১৯৩৫ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মাহবুবা রহমানের। সংগীতজগতে পা রাখেন অল্প বয়সেই। মাত্র ১২ বছর বয়সে ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে তাঁর গান প্রথম প্রচারিত হয়। পঞ্চাশ ও সত্তর দশকের রেডিও ও চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।
‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে সমর দাসের সুরে মাহবুবা রহমান গেয়েছিলেন ‘মনের বনে দোলা লাগে’ শিরোনামের গানটি। ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে একুশে পদক পান এ গায়িকা।






