সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ফুটবল দল। অনন্য এই অর্জনে সাফজয়ী যুবা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
ওই পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে– ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, গতকাল মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ-ভারত নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো এ শিরোপা জেতে বাংলাদেশ।






