স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগে নেতা হিন্দু দুই ভাইয়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ তিনজন আহত হয়েছেন।
আগুনে আধাপাকা বাড়িটির চারটি ইউনিটের ঘর ও সব আসবাবপত্র পুড়ে অন্তত অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কেন্দুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ কামরুজ্জামান।
আহতরা হলেন- ফায়ার সার্ভিসের সদস্য আজিজুল এবং স্থানীয় যুবক মো. সালমান আহমেদ এবং স্বজল। তাদের মধ্যে সালমানকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিকদের মধ্যে একজন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দীপক ব্যানার্জী এবং অন্যজন উপজেলার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জী। তারা আপন দুই ভাই। ২০২৪ সালের অগাস্টে পট পরিবর্তনের পর থেকে তারা আত্মগোপনে আছেন।
এলাকাবাসী জানান, আওয়ামী লীগ নেতা দুই ভাই বাড়িতে না থাকলেও চারটি পরিবার সেখানে ভাড়ায় বসবাস করে আসছেন। দুপুরের পর বাড়িটিতে হঠাৎ আগুন লাগলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আশপাশের বাসিন্দারা আগুন নেভাতে চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ যা কিছু ছিল পড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।






