ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বিশ্বকাপ খেলার একটাই পথ ছিল। সান্তোসের হয়ে ঘরোয়া লিগে খেলে নিজের ফিটনেস ও পারফরম্যান্সের উন্নতি করা। তবে এবার সেই পথটাও বন্ধ হচ্ছে এই ফরোয়ার্ডের। নারী রেফারি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন নেইমার।
গত ২ এপ্রিল রেমোর বিপক্ষে ২-০ গোলে জয় পায় নেইমারের দল সান্তোস। সেই ম্যাচে নারী রেফারির উদ্দেশ্যে যৌন বৈষম্যমূলক এক মন্তব্য করেন ব্রাজিলিয়ান এই তারকা। নেইমারের সেই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।
নেইমারের সেই মন্তব্যই কাল হচ্ছে তাঁর জন্য। বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বোচ্চ ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন নেইমার।
নারী রেফারি নিয়ে মন্তব্যের জেরে ব্রাজিলিয়ান লিগে এর আগে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করার ঘটনার নজির রয়েছে। চলতি মৌসুমেই রেড বুল ব্রাগান্তিনোর ডিফেন্ডার গুস্তাভো মার্কেস ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। নারী রেফারি দায়ানে মুনিজকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করায় এমন শাস্তি পেয়েছিলেন মার্কেস।
নারী রেফারির দায়িত্ব নিয়ে এই ডিফেন্ডার বলেছিলেন, ‘আমার মনে হয় সাও পাওলো ফুটবল ফেডারেশনের এমন বড় ম্যাচে নারী রেফারি নিয়োগ দেওয়া উচিত নয়। বিশ্বের সব নারীর প্রতি সম্মান রেখেই বলছি- আমি বিবাহিত, আমার মা-ও আছেন—আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি তবে দুঃখিত, কিন্তু আমার মনে হয় না তিনি এই ম্যাচ পরিচালনার সক্ষমতা রাখেন।’
এমন মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে তার ক্লাব আনুষ্ঠানিকভাবে সেই বক্তব্যের নিন্দা জানায় এবং মার্কেস নিজেও ক্ষমা চান। কিন্তু তাতেও কাজ হয়নি, শাস্তি হিসেবে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
মার্কেসের মন্তব্যের তুলনায় নেইমার আরও বড় আপত্তিকর মন্তব্য করেছেন। রেমোর বিপক্ষে ম্যাচ শেষে কানাল প্রিমিয়ারের (সম্প্রচারকারী চ্যানেল) সঙ্গে কথা বলতে গিয়ে নারী রেফারি সম্পর্কে নেইমার বলেছিলেন, ‘উনি মনে হয় চিকু (ব্রাজিলিয়ান শব্দ, যা নারীদের একটি স্বাভাবিক প্রক্রিয়ার সময়কালকে কটাক্ষ করা বোঝায়) হয়ে ঘুম থেকে উঠেছেন এবং সেই অবস্থাতেই খেলতে(মাঠে) এসেছেন।’
রেফারির বিরুদ্ধে নেইমারের এই মন্তব্য নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে একাধিক প্রতিবেদন জানাচ্ছে, বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত।






