সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন কয়েক শতাধিক শ্রমিক। ঈদের আগেই সব পাওনা পরিশোধের দাবিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা অন্যথায় তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আশুলিয়া জামগড়া এলাকায় ইউফোরিয়া এ্যাপারেলস্ নামে একটি কারখানার সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাস আগে কোনো ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ করে মালিক কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে দেয়। কারখানাটি হঠাৎ বন্ধ হওয়ায় শ্রমিকরা উত্তেজিত হয়ে আন্দোলন করতে চাই। এসময় শ্রমিকদের চাপের মুখে শিল্প পুলিশের মধ্যস্থতায় শ্রম আইন অনুসারে তিন মাস ১৩ দিনের বেতন ও আনুষঙ্গিক পাওনার বিষয়ে দ্বি-পাক্ষিক একটি চুক্তি করেন মালিক-শ্রমিক। এই চুক্তিনুযায়ী তিন মাসের মধ্যে শ্রমিকদের সব পাওনা পর্যায়ক্রমে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনোও সেটি পাননি শ্রমিকরা। এই অবস্থায় শ্রমিকরা বারবার মালিক ও শিল্প পুলিশের সঙ্গে যোগাযোগ করে উল্টো ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা।
শ্রমিকরা জানান, সামনে ঈদ, তাই দোকান বাকি ও বাসার মালিকের তিন মাসের ভাড়া বকেয়া থাকায় তারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। এছাড়াও ছেলে-মেয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ঈদের আগেই এ বিষয়ে সরকারসহ প্রশাসন ও বিজিএমইএর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের পাওনা নিয়ে মালিকপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তবে মালিকপক্ষ এখনো তা পরিশোধ করতে পারেনি। বর্তমানে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর আগে, শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে বৈঠক ও চুক্তিও করা হয়েছিল, কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি।