মাফিকুল ইসলাম
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনার শিকার নারী হাকিমপুরের বাসিন্দা ও দুই সন্তানের মা, পেশায় গরুর খামারি।
ভুক্তভোগী নারী শুক্রবার রাতে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ফোনে ডেকে অফিসে আনার পর নিজের কক্ষের দরজা বন্ধ করে নারীকে ধর্ষণ করেন।
হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযুক্তকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।