স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
চাপকে ভয় না পেয়ে বরং তাকে আপন করে নেওয়াই ভালো— নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে সতীর্থদের এমন পরামর্শই দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য ভারতের। তবে এই অর্জনের পথে তাদের সামনে শুধু নিউজিল্যান্ডের শক্তিশালী একাদশই বাধা নয়, আছে প্রায় ১৪০ কোটি মানুষের প্রত্যাশার পাহাড়। ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়াকে একটি ‘বিশেষ অনুভূতি’ হিসেবে দেখছেন সূর্যকুমার। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘স্নায়ুর চাপ বা পেটের ভেতর একটু অস্বস্তি তো আছেই। তবে আমি সবসময় বলি— চাপ না থাকলে কোনো মজাই নেই।’ তিন বছর আগে এই মাঠেই ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। এবার প্রথম আয়োজক দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সুযোগ তাদের সামনে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনেক বেশি।
দলের পরিবেশ নিয়ে সূর্যকুমার বলেন, ‘ড্রেসিংরুমে অক্ষর প্যাটেল বা অর্শদীপ সিংয়ের মতো হাসিখুশি চরিত্রের থাকা খুব জরুরি। যখন পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়, তখন বাসে বা ড্রেসিংরুমে এমন কাউকে দরকার হয় যে মজা করে সবার মন হালকা করে দেবে।’
তিনি আরও জানান, জাসপ্রিত বুমরাহ, অক্ষর বা অর্শদীপরা নিজেদের কাজ সম্পর্কে খুব ভালোভাবেই জানেন, তাই তারা ক্রিকেটীয় জটিল পরিস্থিতি নিয়ে বাড়তি কথা বলেন না। সূর্যকুমার বলেন, ‘আমরা খুব নির্ভার থাকতে চাই। বর্তমানে কী ঘটছে তাতেই মনোযোগ দিচ্ছি, ফাইনালের ফলাফল নিয়ে আগে থেকে ভাবছি না।’
অধিনায়ক হিসেবে নিজের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘দলে বড় ভাই হওয়ার চেয়ে ভালো সংস্কৃতি গড়ে তোলা বেশি জরুরি। সবাইকে স্বাধীনতা দেওয়া এবং তাদের পরিকল্পনা শোনা প্রয়োজন। দলের প্রত্যেকে কী চায়, তা বুঝতে পারাটাই আসল কথা।’






