সব সমীকরণ শেষ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের সব ম্যাচ শেষ। ২০ দলের টুর্নামেন্টে টিকে রয়েছে আর মাত্র ৪ দল। চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপও। এখনও পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনাল এবং ফাইনালে বিকল্প ভেন্যু হিসেবে কলম্বোকেও প্রস্তুত রাখা হয়েছিল। তবে তার আর দরকার পড়ছে না। পাকিস্তান বিদায় নিয়েছে সুপার এইট থেকেই। প্রথম সেমিফাইনাল তাই মাঠে গড়াচ্ছে কলকাতার ইডেন গার্ডেনসে। ৪ মার্চ কলকাতায় সেমিফাইনালে লড়তে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। গ্রুপ-১ থেকে চ্যাম্পিয়ন হওয়া দল দক্ষিণ আফ্রিকা খেলবে গ্রুপ-২ এর রানার্সআপ হওয়া দল নিউজিল্যান্ডের বিপক্ষে। শুরুতে একই গ্রুপে ছিল তারা। দুই দলের সেই লড়াই জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইটে যায় দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। সেই দুই দল এবার মুখোমুখি সেমিফাইনালে। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। লড়বে ইংল্যান্ড এবং ভারত। গ্রুপ-২ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ-১ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমির টিকিট কেটেছে টিম ইন্ডিয়া।
দুই সেমিফাইনালে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৮ মার্চ মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।