স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
পাবনার ঈশ্বরদীতে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক কৃষকের লিজকৃত সাড়ে তিনবিঘা জমি থেকে প্রায় ৫ লাখ টাকার গাঁজর লুটের ঘটনা ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী তৈরি পোষাক কারখানা (ইপিজেড) গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া গ্রামের মো. কালামের ছেলে মো. আশিস (৩০) এবং একই এলাকার মো. পলানের ছেলে মো. পলাশ (২৯)। গ্রেপ্তারকৃতরা জেলা বিএনপির আহ্বায়ক সদ্য জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত এমপি পদপ্রার্থী (ধানের শীষ) হাবিবুর রহমান হাবিব–এর অনুসারী ও যুবদলের কর্মী হিসেবে পরিচয় নিশ্চিত করেছে পাকশী ইউনিয়ন যুবদল।
ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম বলেন, মানুষের থেকে টাকা ধার নিয়ে গাজর চাষ করেছিলাম। কিন্তু সেসব টাকা পরিশোধ হওয়ার আগেই চাঁদা দাবি করে আমার সব ফসল লুট করে নিয়েছে। আমি দরিদ্র কৃষক। এসবের ক্ষতিপূরণ দিতে হবে। তা নাহলে দীর্ঘমেয়াদী সাজা দিতে হবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলনও করেন। পরে থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। যেসব লোক জড়িত বা আটক করা হয়েছে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। যদি তারা পার পেয়ে যায় তাহলে অপকর্ম করেই বেড়াবে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামিরা পলাতক ছিলেন। তাদের দুজনকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।