দিনাজপুর জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে সংগীতা রাণী(৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে লেহেম্বা ইউনিয়নের রানী ভবানীপুর গ্রাম থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সংগীতা ভবানীপুর গ্রামের মোহন রায়ের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে স্বামী মোহন চন্দ্র কর্মস্থলে চলে গেলে সংগীতাও তাদের সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে আসেন। সেসময় বাড়িতে কেউ না থাকার তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে তার মেয়ে স্কুল থেকে ফিরে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। স্থানীয়রা ঘরে ঢুকে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে আসলে মরদেহের পাশ থেকে একটি চিরকুট দেখতে পান। তাতে লেখা ছিল, ‘বাবা আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি সেই ভুলের কোনো ক্ষমা নেই। তাই আমি আর বাঁচতে চাই না। আমার সেই ভুলের শাস্তি মৃত্যু। তাই আমি মরে গেলাম। আমার মরার জন্য কেউ দায়ী নয়।’

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে বলে জানান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।