বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর এবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে আইসিসি তথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে চাওয়া একশর বেশি বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশের মিডিয়া অঙ্গনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।
এই ঘটনার পেছনের প্রেক্ষাপট নতুন নয়। গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ তাদের সব ম্যাচ ভারতের বাইরে কিংবা শ্রীলঙ্কার মতো কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার দাবি জানিয়েছিল। কিন্তু আইসিসির স্বাধীন নিরাপত্তা ইউনিট সেই আশঙ্কা আমলে নেয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
এরপরই আসে সাংবাদিকদের নিয়ে নতুন সিদ্ধান্ত। তাদের মূলত আসন্ন টুর্নামেন্টের দরজা এখন বন্ধ। অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল প্রসঙ্গে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে আইসিসির এক কর্মকর্তা জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ভারতের নিরাপত্তা পরিস্থিতিকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করেছিল।
আইসিসি কর্মকর্তার ভাষ্য, ‘সরকার যখন বারবার বলেছে ভারতে যাওয়া নিরাপদ নয়, তখন তাদের সাংবাদিকদের ভিসা বা অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি।’
এই মন্তব্যের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া, অন্যদিকে সাংবাদিকদের টুর্নামেন্ট কাভারের সুযোগ না দেওয়া। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।