ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত তার আর মাঠে নামা হচ্ছে না। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভারত বিরোধী মনোভাবের প্রেক্ষিতে ভারতে শুরু হওয়া পাল্টা ক্ষোভের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণপন্থী কয়েকটি সংগঠনের দাবির মুখে শেষ পর্যন্ত মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে কেকেআর-কে নির্দেশ দেয় বিসিসিআই। কেকেআর কর্তৃপক্ষও সেই নির্দেশনা মেনে নিয়েছে।
আজ ১ জানুয়ারী, (শনিবার) এক বিবৃতিতে কেকেআর জানিয়েছে, “কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল তাদের নির্দেশ দিয়েছে যেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর আগে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়।” বিবৃতিতে আরও বলা হয়, “ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া এবং আলোচনার মাধ্যমেই তাকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল-এর নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন পরিবর্তিত (Replacement) খেলোয়াড় নেওয়ার অনুমতি প্রদান করবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।”
তবে, কী কারণে বিসিসিআই এমন কঠোর নির্দেশনা দিয়েছে, তা কেকেআর তাদের বিবৃতিতে সরাসরি খোলাসা করেনি। কিন্তু এর আগে বিসিসিআই-এর জয়েন্ট সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া (দেবজ্যোতি সাইকিয়া) স্থানীয় সংবাদমাধ্যমে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।