স্বপ্ন প্রতিদিন ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামে অবস্থিত অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১০ মে, শনিবার দিবাগত মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে চোরের দল প্রতিমার স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। সাড়ে তিনশ বছরের প্রাচীন এই মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মন্দির পরিচালনা কমিটির দেওয়া তথ্যমতে, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় উপাসনা শেষ করে কর্মচারীরা মন্দির তালাবদ্ধ করে বাড়ি চলে যান। পরদিন রবিবার ভোরে বাল্য ভোগ দিতে আসা সেবাইত কার্তিক পাল মন্দিরে প্রবেশ করে দেখেন প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখেন মায়ের গর্ভগৃহের প্রবেশদ্বারও ভাঙা এবং প্রতিমার গায়ে থাকা অলঙ্কার উধাও। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ৩টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে মন্দিরে প্রবেশ করে মায়ের মূর্তিতে পরিহিত আনুমানিক ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং পূজায় ব্যবহৃত বিভিন্ন কাঁসা ও পিতলের তৈজসপত্র নিয়ে চম্পট দেয়।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু কান্তি পাল জানান, এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন। ১৭১০ খ্রিষ্টাব্দে (প্রায় ৩১৬ বছর আগে) তৎকালীন জমিদার রাম সুন্দর শর্মা এটি প্রতিষ্ঠা করেন। জনশ্রুতি আছে, তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে সোনাইছড়ি খালে ভেসে আসা নিম কাঠ দিয়ে এই প্রতিমা তৈরি করেছিলেন। সেবাইত কার্তিক পালের মতে, সাড়ে তিনশ বছরের ইতিহাসে এই মন্দিরে এর আগে কখনো চুরির ঘটনা ঘটেনি।
চুরির খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ এবং রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকসী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, মন্দিরের প্রবেশপথের তালা কেটে ভেতরে প্রবেশ করেছে চোরচক্র। ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি প্রবাস পাল এই ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।






