বিশেষ প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার শালবাগান এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমা বেগম জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি’র মমতাময়ী মাতা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় এ মাহফিলের আয়োজন করেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি মোঃ হুমাউন কবীরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন উপস্থিত আলেম-ওলামায়ে কেরাম। মোনাজাতে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
বক্তারা বলেন, মানুষ পৃথিবীতে চিরস্থায়ী নয়। একদিন সবাইকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমাতে হবে। তবে একজন মায়ের ভালোবাসা, ত্যাগ ও আদর্শ সন্তানের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকে। তারা মরহুমা বেগম জেবুন্নেছাকে একজন ধর্মপ্রাণ, মানবিক ও পরোপকারী নারী হিসেবে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও এতিম মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এতিমখানা মাদ্রাসায় এমন আয়োজন নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ, যা সমাজে সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক।
দোয়া মাহফিল শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ বিরাজ করে। উপস্থিত মুসল্লিরা মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।