1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

এপ্রিলে মব সহিংসতার ৪৪ ঘটনায় দেশে নিহত ২২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

গত এপ্রিল মাসে দেশে গণপিটুনি, মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের ঘটনাগুলো উদ্বেগজনক পর্যায়ে অব্যাহত ছিল। এ সময় গণপিটুনি ও মব সহিংসতার ৪৪টি ঘটনায় ২২ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন আরও ছয়জন, আহত হয়েছেন মোট ৫৩৩ জন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) মঙ্গলবার প্রকাশিত তাদের মাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। ১৬টি জাতীয় গণমাধ্যম ও সংস্থাটির নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে অন্তত ৪০টি ঘটনায় ৭৫ জন সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪২ জন আহত, ১৭ জন শারীরিকভাবে লাঞ্ছিত এবং ১০ জনকে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে আটক করা হয়েছে এবং চারটি পৃথক মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

গণপিটুনি ও মব সহিংসতার পেছনে চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ম অবমাননার অভিযোগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক সহিংসতার ঘটনায় এপ্রিল মাসে মোট ৯৮টি সংঘর্ষ ঘটে। যদিও মার্চ মাসের তুলনায় সহিংসতা কিছুটা কমেছে সেসময় ১১৩টি ঘটনায় ১৮ জন নিহত ও ৯১২ জন আহত হয়েছিলেন তবুও পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছে এইচআরএসএস।

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ও পারস্পরিক দ্বন্ধ সহিংসতার বড় কারণ হিসেবে উঠে এসেছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৪০টি সংঘর্ষে চারজন নিহত ও ২৪৭ জন আহত হয়েছেন। বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১১৩ জন, আর বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত হয়েছেন ৫৮ জন। দলীয় কোন্দল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের লড়াইও এসব সহিংসতার পেছনে ভূমিকা রেখেছে।

এছাড়া রাজনৈতিক কর্মীদের ওপর পৃথক ১৩টি হামলায় ছয়জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ৩৭ জন। বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাতটি জনসভা ও সমাবেশে বাধা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় ৪৯ জন আহত ও দুজন আটক হন। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনাও বেড়েছে; সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টকে কেন্দ্র করে ২৩ জনকে আটক এবং নয়টি মামলা করা হয়েছে।

নারী ও শিশুদের ওপর সহিংসতাও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এপ্রিল মাসে ২৯৪ জন নারী ও কিশোরী সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৬৮টি ধর্ষণ এবং ৭৯টি যৌন হয়রানির ঘটনা রয়েছে। পারিবারিক সহিংসতায় ৬৪ জন নারীর মৃত্যু হয়েছে।

শ্রম খাতেও পরিস্থিতি ভালো নয়। এপ্রিল মাসে ৮০টি ঘটনায় ১৩ জন শ্রমিক নিহত ও ১১৬ জন আহত হয়েছেন। পাশাপাশি অনিরাপদ কর্মপরিবেশের কারণে কর্মস্থলে দুর্ঘটনায় আরও ৬৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host