যশোরের ঝিকরগাছায় চিকিৎসা নিতে পশু হাসপাতালে হাজির হয়েছে একটি আহত হনুমান। মানুষের হাতে চরমভাবে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় হনুমানটি হাসপাতালে এলে, এক অনন্য দৃশ্যের অবতারণা ঘটে। যে মানুষের হাতে আহত হয়েছে প্রাণিটি, সেই মানুষ্যজাতির কাছেই এসেছিল সে চিকিৎসা নিতে। হাসপাতালে আসার আগে অবলা প্রাণিটি ক্ষত নিয়ে থানায় গিয়েছিল বলে জানান স্থানীয় অনেকেই। গতকাল ১২ই এপ্রিল, রোববার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ অত্যন্ত যত্নের সাথে আহত প্রাণিটির চিকিৎসা দেন। ক্ষতের শুশ্রূষা করেন তারা। এ সংক্রান্ত কয়েকটি ছবি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা তুমুল সমালোচনা করেন, যারা হনুমানটিকে আহত করেছে- তাদের নিয়ে।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার জানান, কেউ ধারালো অস্ত্র দিয়ে হনুমানটির শরীরের পেছনের অংশে আঘাত করেছে। ক্ষত থেকে রক্ত ঝরছিল। প্রাণিটি চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসেছে। হাসপাতালে আসার আগে সে থানাতেও গিয়েছিল বলে জানান ডা. মাসুমা। তিনি আরও জানান, হাসপাতালে এসে প্রথমে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে বসে। পরে ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ারও চেষ্টা করে। পরে চিকিৎসা দেওয়ার সময় শান্ত হয়ে যায় এবং কোনো বাধা দেয়নি। চিকিৎসকরা ক্ষতস্থান জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন।






