পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে থাকতেই রিশাদ সুখবর পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসের সর্বশেষ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ২৩ বছর বয়সী বাংলাদেশি স্পিনার।
রিশাদ এবারই প্রথম বিগ ব্যাশ খেলেছেন। হোবার্ট ফাইনালে উঠতে ব্যর্থ হলেও রিশাদ টুর্নামেন্টজুড়েই ছন্দে ছিলেন। বল হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন। বিগব্যাশের সর্বশেষ মৌসুমে আর কোনো স্পিনার রিশাদের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। শুধু তাই নয়, রান খরচের দিক থেকেও রিশাদ ছিলেন মিতব্যয়ী। টুর্নামেন্টে ওভারপ্রতি ৭.৮২ রান দিয়েছেন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই হোবার্টের মৌসুম সেরা খেলোয়াড়ের দৌড়ে ব্যাটসম্যান নিখিল চৌধুরী এবং দুই পেসার নাথান এলিস ও ক্রিস জর্ডানের সঙ্গে ছিলেন রিশাদ। শেষ পর্যন্ত গতকাল ক্রিকেট তাসমানিয়া আয়োজিত বার্ষিক অ্যাওয়ার্ড নাইটে বাকি তিনজনকে টপকে হোবার্টের সর্বশেষ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রিশাদ।
বাংলাদেশি তারকা মৌসুম সেরা হওয়ার খবরে এক বিবৃতিতে হোবার্ট লিখেছে, ‘পার্পল জার্সিতে নিজের প্রথম বছরেই দারুণ এক মৌসুম কাটিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে আগের মৌসুমের (২০২৪-২৫) জন্য হোবার্ট রিশাদকে দলে নিলেও খেলতে পারেননি। তবে পরেরবার সুযোগ পেয়ে নিজের প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্সে ১৫ উইকেট নেন।’
বিগব্যাশের ফ্র্যাঞ্চাইজিটি আরও উল্লেখ করে ‘উইকেট নেওয়ার দিক থেকে হোবার্টের সবাইকে ছাড়িয়ে শীর্ষে ছিলেন রিশাদ। তাঁকে প্রায়ই পাওয়ার প্লে-র পরপরই আক্রমণে আনা হতো। ওই সময়টাতে দলের জন্য রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রিশাদের সেরা বোলিং ফিগার ছিল স্ট্রাইকার্সের ২৬ রানে ৩ উইকেট।’






