তেরখাদা প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলায় গরিব, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১০ হাজার ৭০টি পরিবার এই সহায়তার আওতায় আসছে। প্রতিটি পরিবার ঈদের আগেই ১০ কেজি করে চাল পাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপকারভোগীদের জন্য মোট ১০০.৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মধ্যে পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় ঈদুল ফিতর উপলক্ষে এই বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপকারভোগীদের তালিকা প্রস্তুত করছেন এবং উপজেলা কমিটির তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে।
তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, খাদ্যসংকটে থাকা মানুষ, দিনমজুর, গৃহহারা ও অসচ্ছল প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা দেওয়া হচ্ছে।
ইউনিয়নভিত্তিক বরাদ্দ অনুযায়ী আজগড়া ইউনিয়নে ১ হাজার ৩০৫ জনের জন্য ১৩.০৫০ মেট্রিক টন, বারাসাত ইউনিয়নে ১ হাজার ৯০২ জনের জন্য ১৯.০২০ মেট্রিক টন, ছাগলাদাহ ইউনিয়নে ১ হাজার ৮০৯ জনের জন্য ১৮.০৯০ মেট্রিক টন, সাচিয়াদাহ ইউনিয়নে ১ হাজার ৪৬৩ জনের জন্য ১৪.৬৩০ মেট্রিক টন, তেরখাদা ইউনিয়নে ১ হাজার ৮০৬ জনের জন্য ১৮.০৬০ মেট্রিক টন এবং মধুপুর ইউনিয়নে ১ হাজার ৭৮৫ জনের জন্য ১৭.৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রওয়ার রাব্বী বলেন, ভিজিএফের চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না। প্রত্যেক কার্ডধারী পরিবার যেন সঠিক মাপে ১০ কেজি করে চাল পায়, তা নিশ্চিত করা হবে।
খুলনা জেলা প্রশাসন আ.স.ম. জামশেদ খোন্দকার জানিয়েছে, ঈদের আগেই উপজেলার সব ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন করা হবে, যাতে অসচ্ছল পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উদযাপন করতে পারে।