মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে হারানোর সুফল পেল বাংলাদেশের ক্রিকেটাররা। বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দলের বেশ কয়েকজন তারকা।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশের এটিই প্রথম জয়। ১০৪ রানের এই জয়ে ব্যাটে হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসে সেঞ্চুরি ও ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ১৬ ধাপ এগিয়েছেন। বর্তমানে ক্যারিয়ারসেরা ২৩তম স্থানে (যৌথভাবে) আছেন তিনি।
শান্ত’র সঙ্গে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও মুমিনুল হকেরও। মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬তম এবং মুমিনুল ১২ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন।
বোলারদের মধ্যেও উন্নতি হয়েছে কয়েকজনের। দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে তাইজুল ইসলাম এখন ১৩ নম্বরে। ২০২৪ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে ৪ উইকেট পাওয়া তাসকিন আহমেদ আবারো র্যাঙ্কিংয়ে ঢুকেছেন (৪৮তম)। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তরুণ পেসার নাহিদ রানা ৫ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন।
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মোহাম্মদ আব্বাস বোলারদের তালিকায় পুনরায় ২৮তম স্থানে ফিরে এসেছেন। এই টেস্টে স্কোয়াডে থাকলেও বোলিং করার সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান। তবে দলের এই জয়ে বড় অনুপ্রেরণা পাবে মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।





