মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনাজপুর জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় আলোচনা সভা, দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক। সঞ্চালনা করেন এবি যুব পার্টির জেলা সদস্য সচিব সাইদুর রহমান সুমন। প্রধান অতিথি ছিলেন জেলা সদস্য সচিব শাহিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শাহিনুর রহমান বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে এবি পার্টি কাজ করছে। তিনি বলেন, দেশের জনগণ প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে নতুন নেতৃত্ব প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে দলটি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও এবি পার্টি ধীরে ধীরে গণমানুষের আস্থার রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনদুর্ভোগ নিরসনে দলটি ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুব পার্টির আহ্বায়ক হাদিসুর রহমান, বিরামপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ফারুকী ই আজম, ছাত্রপক্ষের জেলা সমন্বয়ক এরশাদুল হক এবং বিরামপুর উপজেলা আহ্বায়ক মুসাব্বির হুসাইন।
বক্তারা তাদের বক্তব্যে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কার এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে এবি পার্টি, এবি যুব পার্টি, শ্রমিক পার্টি ও ছাত্রপক্ষসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।