মাফিকুল ইসলাম,পার্বতীপুর, (দিনাজপুর) প্রতিনিধি :-
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তারাগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়েই যাতে উন্নত চিকিৎসা পাওয়া যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার মাধ্যমে এ সেবার মান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ। তিনি বলেন, শয্যা সংখ্যা বৃদ্ধির ফলে রোগী ভর্তির সক্ষমতা বাড়বে এবং জরুরি, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় আরও কার্যকর সেবা প্রদান সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। তিনি বলেন, সরকারের এ উদ্যোগ উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি স্থানীয়দের স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিপুসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি ও সেবা সম্প্রসারণকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।