মোহাম্মদপুরে গতকাল রাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় তিন ছিনতাইকারী তাঁর আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।
শুধু তা-ই নয়, আইফোন পাসওয়ার্ডের জন্য তাঁকে হাতে থাকা অস্ত্রের উল্টো পিঠ দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা, বাঁ চোখে ঘুষিও মারে। এতে জখম হয়েছেন মোতাহার হোসেন। এক পর্যায়ে উপায় না দেখে পাসওয়ার্ড দিয়ে দেন তিনি।
ঘটনাটা গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ঘটেছে বলে জানা গেছে। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানিয়েছেন, এ ঘটনায় আজ রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর আরেক কর্মকর্তা।






