অনলাইন ডেস্ক
ভারতকে হারিয়ে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিক দলের আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ভারতের স্বস্তিক মাথারাসান–কীর্তি মাঞ্চালা জুটিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টে হারিয়ে শেষ চারে উঠেন।
শুক্রবারের ম্যাচে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশের জুটি। প্রথম সেট তুলনামূলক সহজেই নিজেদের করে নেন জুমার-ঊর্মি। তবে দ্বিতীয় সেটে এগিয়ে থেকেও শেষ দিকে ছন্দ হারান তারা, ফলে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে সেটটি ভারতের ঝুলিতে যায়। এতে ম্যাচ গড়ায় নির্ণায়ক তৃতীয় সেটে, যেখানে দুই দলের মধ্যে চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।
শেষ সেটে কখনো বাংলাদেশ, কখনো ভারত এগিয়ে যাচ্ছিল। উত্তেজনাপূর্ণ সেই লড়াইয়ে শেষ পর্যন্ত দৃঢ়তা দেখায় জুমার-ঊর্মি জুটি। গুরুত্বপূর্ণ মুহূর্তে টানা পয়েন্ট তুলে নিয়ে তিন পয়েন্টের ব্যবধানে সেট জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের এই জুটি।
ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, টানা ম্যাচ খেলতে হচ্ছে বলে কিছুটা শারীরিক চাপ থাকলেও জয় পাওয়ার আনন্দে সব ক্লান্তি ভুলে গেছেন তিনি। আগের দিন দ্বৈতে কোয়ার্টার ফাইনাল এবং এদিন মিশ্র দ্বৈতে সেমিফাইনালে ওঠায় আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান জুমার। বিকেলে ফাইনালে ওঠার লক্ষ্যেই আবার কোর্টে নামবেন বলেও জানান তিনি।
অন্যদিকে ঊর্মি আক্তার জানান, দীর্ঘ ছয়-সাত বছর ধরে একসঙ্গে খেলার কারণে জুমারের সঙ্গে তাদের বোঝাপড়া খুব ভালো। আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পেয়েছেন তারা। ঘরের মাঠে সেমিফাইনালে ওঠার পর এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ঊর্মি, যার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।