রিপোর্টার: মাফিকুল ইসলাম
নেত্রকোণা জেলার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৬ মে) ভোর আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানান, র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। দুপুরের দিকে তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। হস্তান্তরের পর দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরও বলেন, সময় সাপেক্ষে আজই আসামিকে আদালতে পাঠানো হতে পারে, অন্যথায় আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টায় চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামি গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে র্যাব-১৪-এর অধিনায়ক প্রেস ব্রিফিং করবেন।