মাফিকুল ইসলাম, প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রফিক (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের খোর্দোচাম্পা এলাকার সোনাহার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১২–১৫ জন শ্রমিকের একটি দল সোনাহার গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের তিন বিঘা জমির ধান কাটতে আসেন। সারাদিন কাজ শেষে বিকেলে কাটা ধান গুছানোর সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
আবহাওয়া খারাপ হওয়ায় শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। তবে আব্দুর রফিক মাঠে আটকা পড়েন। এ সময় বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে তার মৃত্যু নিশ্চিত করেন।
নিহতের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।