হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে প্রথমবারের মতো ট্রানজিট ফি বা টোল আদায় করেছে ইরান।
বৃহস্পতিবার ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবায়ি এই তথ্য নিশ্চিত করেছেন।
আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাজি বাবায়ি জানান, সংগৃহীত টোলের প্রথম কিস্তির অর্থ ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে।
পার্লামেন্টের আরেক সদস্য আলিরেজা সালিমিও নির্ভরযোগ্য সূত্রের বরাতে টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজের ধরন, মালামালের পরিমাণ এবং ঝুঁকির মাত্রার ওপর ভিত্তি করে এই টোলের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। মূলত হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার ব্যয়ভার বহনের অংশ হিসেবে এই ‘সিকিউরিটি ট্যাক্স’ বা নিরাপত্তা কর আরোপের পরিকল্পনা নিয়েছিল ইরানের পার্লামেন্ট।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। ইরান সম্প্রতি এই পানিপথ দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেগুলোকে চলাচলের অনুমতি দিচ্ছে। এই ব্যবস্থার আওতায় এখন থেকে নিয়মিতভাবে টোল আদায়ের প্রক্রিয়া শুরু করল দেশটি।