নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। গত মাসে পাকিস্তানের বিপক্ষে যে দলটি খেলেছিল, এবারও সেই একই খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছে নির্বাচকরা।
হাবিবুল বাশারের নেতৃত্বে নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নেওয়ার পর এটিই তাদের প্রথম দল ঘোষণা।
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতায় নির্বাচকরা আপাতত দলে কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করেননি।
দলের অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার অধিনায়কত্বের মেয়াদ বাড়িয়েছে বিসিবি।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন এমন পাঁচজন খেলোয়াড়—মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিমকেও এই স্কোয়াডে রাখা হয়েছে। বিসিবি তাদের ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার অনুমতি দিয়েছিল। নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল, তার আগেই তারা দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।






