রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছেন, বায়ার্ন মিউনিখের সঙ্গে মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগ লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মূল ভূমিকা রাখার জন্যই কিলিয়ান এমবাপে ক্লাবে যোগ দিয়েছেন।
আরবেলোয়া এমবাপেকে দলের এক অপরিহার্য অংশ হিসেবে অভিহিত করেছেন। যদিও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সব বড় তারকাকে একসঙ্গে মাঠে খেলিয়ে সঠিক ভারসাম্য বজায় রাখা সম্ভব কি না, তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।
হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ লড়াই শেষে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ফরাসি সুপারস্টার এমবাপে ম্যানচেস্টার সিটির সঙ্গে শেষ ১৬-র কোনো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না। যদিও সেই লড়াইয়ে রিয়াল দারুণভাবে জয়ী হয়েছিল।
এখন পুরোপুরি ফিট হয়ে ওঠায় আরবেলোয়া ইঙ্গিত দিয়েছেন যে, সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নের সঙ্গে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের লড়াইয়ে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে এমবাপেকেও আক্রমণভাগে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সাংবাদিকদের আরবেলোয়া বলেন, ‘আমার হাতে অসাধারণ সব খেলোয়াড় থাকা এবং কিলিয়ান এমবাপের মতো একজনকে পাওয়া সত্যিই আনন্দের। এমবাপে রিয়াল মাদ্রিদে এসেছে কালকের মতো বড় ম্যাচ এবং নকআউট পর্বের লড়াইগুলোর জন্যই।’
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আমরা এমবাপেকে তার সেরা ছন্দে দেখতে পাব। সে দলকে সেভাবেই নেতৃত্ব দেবে যেভাবে সে দিতে জানে। দলের সব খেলোয়াড়ের ওপর আমার অগাধ আস্থা আছে।’
ইংলিশ তারকা জুড বেলিংহামও ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। আরবেলোয়া জানিয়েছেন, দলের সেরা তারকারা যখনই খেলার জন্য প্রস্তুত থাকবেন, তিনি তাদের ওপরই বাজি ধরবেন।
সিটির সঙ্গে ম্যাচে তরুণ মিডফিল্ডার থিয়াগো পিটারচ এবং অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে বায়ার্ন ম্যাচে তাদের মাঠে থাকার সময় কমে যেতে পারে।
আরবেলোয়া বলেন, ‘এটা স্পষ্ট যে ব্রাহিমের তুলনায় এমবাপের খেলার ধরন এবং কন্ডিশন আলাদা। তাই আমাদের ভিন্ন কৌশলে খেলতে হবে। তবে এই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতি আমার জন্য আনন্দের।’
তিনি আরও যোগ করেন, ‘বেলিংহাম বা অন্যান্য দুর্দান্ত খেলোয়াড়দের মতো এমবাপের মতো কাউকে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মনে হয় না বিশ্বের এমন কোনো কোচ আছেন যিনি তাকে দলে পেতে চাইবেন না।’
’অসাধারণ’ রসায়ন
ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র জানিয়েছেন যে এমবাপের সঙ্গে তার বোঝাপড়া বেশ ভালো। যদিও অনেকে মনে করেন রিয়ালের কৌশলের সঙ্গে এমবাপে ঠিক মানানসই নন।
ভিনিসিয়াস বলেন, ‘লোকে অনেক কথাই বলে… ‘কাইলি’ (এমবাপে) এখানে আমাদের সাহায্য করতে এসেছে। সে সবসময় আমাদের আত্মবিশ্বাস দেয় এবং গোল করে। আগামীকালের ম্যাচে আমাদের সবার সঙ্গে, বিশেষ করে ভক্তদের সঙ্গে একাত্ম হতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ যেখানে সেরা খেলোয়াড়রাই ব্যবধান গড়ে দেয়, আর এমবাপে তাদের একজন। মাঠ ও মাঠের বাইরে তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে।’
গত শনিবার লা লিগায় মায়োর্কার সঙ্গে ২-১ গোলে হেরে যাওয়ার পর বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়া রিয়াল বায়ার্নের সঙ্গে নিজেদের সেরাটা দেবে বলে অঙ্গীকার করেন ভিনি।
বর্ণবাদের বিরুদ্ধে লড়াই
মাঠের লড়াইয়ের পাশাপাশি বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ ভিনিসিয়াস কথা বলেছেন গত সপ্তাহে স্পেন ও মিশরের প্রীতি ম্যাচে ইসলামবিদ্বেষী স্লোগান নিয়েও। বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালও এর সমালোচনা করেছিলেন।
ভিনিসিয়াস বলেন, ‘লামিন যে কথা বলেছে তা গুরুত্বপূর্ণ এবং এটি মানুষকে সচেতন করতে সাহায্য করবে। আমি বলছি না স্পেন, জার্মানি বা পর্তুগাল বর্ণবাদী দেশ, কিন্তু এই দেশগুলোতে বর্ণবাদী মানুষ আছে। এমনকি ব্রাজিলেও আছে।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা একসঙ্গে এই লড়াই চালিয়ে যাই, তবে ভবিষ্যতে নতুন খেলোয়াড় বা সাধারণ মানুষকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে না।’






