চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন অনুষ্ঠান সংক্ষিপ্ত করে দ্রুত শেষ করতে বাধ্য হয়েছে। আজ বৃহস্পতিবার(২৬ মার্চ) বেলা ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও বীর মুক্তিযোদ্ধারা জানান, অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ বক্তব্য দেয়া শুরু করলে কয়েকজন মুক্তিযোদ্ধা বাধা দেন। নির্ধারিত বক্তার তালিকায় জুবায়ের আহমেদের নাম না থাকায় তাকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়।
সে সময় বক্তব্য প্রদানে বাধা দেয়াকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে হট্টোগোল ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দ্রুত অনুষ্ঠান শেষ করেন। প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, মূলত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও বিএনপিপন্থী মুক্তিযোদ্ধাদের মধ্যেই কথা কাটাকাটি হয়। বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ বলেন, ‘আমি বিএনপি-প্রন্থী হওয়ায় আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।’
অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, ‘মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা ঠিক ছিল। জুবায়ের সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের সামান্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে আমি উভয়পক্ষকে সঙ্গে নিয়ে বক্তব্য প্রদান করি এবং অনুষ্ঠান শেষ করি।’






