স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতারা। সংগঠনটি বলেছে, যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করার মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া লাখো মানুষের স্মৃতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আরো কয়েকজনের নাম শোক প্রস্তাবে যুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ মানুষের রক্তের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তারা মন্তব্য করেন।
তারা আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার ভেতর দিয়ে এই সংসদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে প্রতারণা করলো। আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করে সংসদে যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা হলো। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে জনগণের ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার সম্মতি দিলো, যা জনগণের সঙ্গে একপ্রকার প্রতারণা। এর মধ্য দিয়ে বিএনপি মূলত তাদের যুদ্ধাপরাধীদের সঙ্গী করে চলার যে পুরানো নীতি, তারই পুনরাবৃত্তি ঘটালো। আমরা দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে যুক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুক্তিযুদ্ধ এই জাতির, এই ভূখণ্ডের সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা হলে জনগণই তার সমুচিত জবাব দেবে।






