নাছির বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম নিজেও তো ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আপনারা দেখবেন পলিটেকনিক্যালের ঘটনায় ছাত্রশিবিরের চেয়ে ছাত্রদলের নেতাকর্মী বেশি আহত হয়েছে এবং রুমের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ছাত্রদলের নেতাকর্মীকে পিটিয়েছে, ছুরির আঘাতে জখম করেছে ছাত্রশিবির।
তিনি আরও বলেন, আমরা ছাত্রদল থেকে ছাত্রশিবিরের এই হামলার প্রতিবাদে দ্রুত মামলা করব। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করার। ছাত্রশিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নেব না।
এর আগে মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছিলো। সংঘর্ষে উভয় ছাত্র সংগঠনের একাধিক আহত হয়েছে।






