সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
লাইসেন্স করা যেসব অস্ত্র এখনও জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো লাইসেন্স দেওয়া হয়েছিল কি না তা নিশ্চিত করতে একটি কমিটি করে দেওয়া হয়েছে। ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মার সাথে সাক্ষাতের ব্যাপারে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে। চট্টগ্রামে ব্যবসায়ীয় বাসায় গুলি বর্ষণের ঘটনায় সালাহউদ্দিন আহমদ বলেন, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।






