অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন দৃঢ়তার সঙ্গে বলেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।” উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেই সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। এই জয়ের পর নবগঠিত মন্ত্রিসভায় তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা তাকে দেশের কনিষ্ঠতম মন্ত্রীদের তালিকায় স্থান করে দিয়েছে।
সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকার স্থানীয় সরকার নির্বাচনে তার এই প্রার্থী হওয়ার ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিগত নির্বাচনের অমীমাংসিত আইনি লড়াই এবং সম্প্রতি আদালতের রায়ে তাকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটেই তিনি নতুন করে এই নির্বাচনি চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন।