কোয়াসিম সিদ্দিকী জনি, (দিনাজপুর) বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নে গতকালের আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তের মধ্যে অসংখ্য কৃষকের পাকা ধান নষ্ট হয়ে যায় এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও হতাশার ছায়া।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ সকালে যান ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। তিনি সরেজমিনে কৃষকদের দুর্দশা ও ক্ষয়ক্ষতির চিত্র প্রত্যক্ষ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।
তিনি বলেন, এই কঠিন সময়ে তিনি ও তার দল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—
মোঃ রিয়াজ উদ্দিন (অতিরিক্ত পরিচালক, দিনাজপুর),
মোঃ আফজাল হোসেন (উপ-পরিচালক, দিনাজপুর),
মোঃ সাঈদ আবদুল্লাহ (কৃষি অফিসার, ফুলবাড়ী, দিনাজপুর)
এবং ১নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নবিউল ইসলাম।
পরিশেষে তারা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন—যেন তিনি তাদের কষ্ট লাঘব করেন, ক্ষতি পূরণের তৌফিক দেন এবং সবাইকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।