বিনোদন প্রতিবেদক
বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ৭৯তম এবারের আয়োজন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। চলতি বছরের লাইনআপে স্পষ্ট এক ভিন্ন ছাপ লক্ষ করা যাচ্ছে। হলিউডের ঝলমলে উপস্থিতির পরিবর্তে গুরুত্ব পেয়েছেন বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান নির্মাতারা, যাঁদের কাজ মূলত গল্পনির্ভর ও শিল্পমান সম্পন্ন সিনেমা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে আনুষ্ঠানিকভাবে মনোনীত সিনেমাগুলোর নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ, যার মাধ্যমে পর্দা ওঠে এবারের বহুল প্রতীক্ষিত আয়োজনের। যে আয়োজনে স্বর্ণ পাম জয়ের দৌড়ে ইরান-রাশিয়া-আমেরিকান ছবির জমজমাট লড়াই দেখা যাবে! এবারের প্রতিযোগিতা বিভাগে রয়েছেন ইরানের অস্কারজয়ী নির্মাতা আসগর ফরহাদি, স্পেনের পেদ্রো আলমোদোভার, জাপানের হিরোকাজু কোরে–এদা, রিউসুকে হামাগুচি, পোল্যান্ডের পাওয়েল পাওলিকোভস্কি, হাঙ্গেরির লাসজলো নেমেসের মতো নির্মাতারা।

এবার কানের মূল প্রতিযোগিতায় জাপান হ্যাটট্রিক করেছে বলা যায়! কোজি ফুকুদা, হিরোকাজু কোরে-এদা ও রিয়ুসুকে হামাগুচি স্থান পেয়েছেন তালিকায়। এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করবেন পরিচালক না হং-জিন। তালিকায় আরও আছে রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউ, স্পেনের রদ্রিগো সরোগোয়েন, পোলিশ নির্মাতা পাওয়েল পাওলিকোস্কি, হাঙ্গেরির লাজলো নেমেস, বেলজিয়ামের লুকাস ডন্ট পরিচালিত নতুন চলচ্চিত্র।
এবারের আসরে মূল প্রতিযোগিতায় পাঁচ নারী পরিচালকের ছবি স্বর্ণ পামের জন্য মনোনীত হয়েছে। তাদের মধ্যে ফরাসি তিন জন। তারা হলেন– লিয়া মাইসিয়াস, জান হেরি ও শার্লিন বুর্জোয়া-ট্যাকেট। তাদের পাশাপাশি জার্মানির ভালেস্কা গ্রিসেবাখ ও অস্ট্রিয়ার মারি ক্রুটজার নারীদের প্রতিনিধিত্ব করবেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে অফিসিয়াল সিলেকশন ঘোষণা করেন কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। তিনি জানান, এবারের আসরে ১৪১ দেশের ২ হাজার ৪৯১টি চলচ্চিত্র জমা পড়েছে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন উৎসবটির সভাপতি ইরিস নোব্লক।
ফ্রান্সের ভূমধ্যসাগরীয় শহর কানে আগামী ১২ মে উৎসবের পর্দা উঠবে। মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকবেন দক্ষিণ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান-উক। তার রায়ে আগামী ২৩ মে সমাপনী আয়োজনে স্বর্ণ পাম জয়ী ছবির নাম ঘোষণা করা হবে। এবারের আসরে সম্মানসূচক স্বর্ণ পাম পাচ্ছেন নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন ও আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ড।
বৃহস্পতিবার ঘোষিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বিভিন্ন বিভাগে নির্বাচিত চলচ্চিত্রের তালিকা দেখে নিন একঝলকে
মূল প্রতিযোগিতা
মিনোটর (আন্দ্রে জিভিয়াজিন্তসেভ, রাশিয়া)
দ্য বিলাভেড (রদ্রিগো সরোগোয়েন, স্পেন)
দ্য ম্যান আই লাভ (ইরা স্যাক্স, যুক্তরাষ্ট্র)
ফাদারল্যান্ড (পাওয়েল পাওলিকোস্কি, পোল্যান্ড)
মৌলিন (লাজলো নেমেস, হাঙ্গেরি)
স্টোরিস অব দ্য নাইট (লিয়া মাইসিয়াস, ফ্রান্স)
ফিয়র্ড (ক্রিস্টিয়ান মুনজিউ, রোমানিয়া)
আওয়ার স্যালভেশন (এমানুয়েল মারে, ফ্রান্স)
জেন্টেল মনস্টার (মারি ক্রুটজার, অস্ট্রিয়া)
নাগি নোটস (কোজি ফুকুদা, জাপান)
হোপ (না হং-জিন, দক্ষিণ কোরিয়া)
শিপ ইন দ্য বক্স (হিরোকাজু কোরে-এদা, জাপান)
দ্য আননোন (আর্থার হারারি, ফ্রান্স)
গ্যারান্টি (জান হেরি, ফ্রান্স)
অল অব অ্যা সাডেন (রিয়ুসুকে হামাগুচি, জাপান)
দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার (ভালেস্কা গ্রিসেবাখ, জার্মানি)
কাওয়ার্ড (লুকাস ডন্ট, বেলজিয়াম)
দ্য ব্ল্যাক বল (হাভিয়ার আমব্রোসি, হাভিয়ার কালভো; স্পেন)
অ্যা ওম্যান’স লাইফ (শার্লিন বুর্জোয়া-ট্যাকেট, ফ্রান্স)
প্যারালাল টেলস (আসগর ফারহাদি, ইরান)
বিটার ক্রিসমাস (পেদ্রো আলমোদোভার, স্পেন)
প্রতিযোগিতার বাইরে
দি ইলেক্ট্রিক কিস (পিয়ের সালভাদোরি, ফ্রান্স) উদ্বোধনী চলচ্চিত্র
ডায়মন্ড (অ্যান্ডি গার্সিয়া, যুক্তরাষ্ট্র)
হার প্রাইভেট হল (নিকোলাস উইন্ডিং রেফন, ডেনমার্ক)
অ্যাবান্ডনমেন্ট (ভিনসেন্ট গ্যারেনক, ফ্রান্স)
কর্ম (গিয়ুম কানে, ফ্রান্স)
দি অবজেক্ট অব দ্য টাইম (আনিস জাওয়ি, ফ্রান্স)
দ্যু গল: দি আয়রন এজ (অ্যান্টোনিন বোদ্রি, ফ্রান্স)
মিডনাইট স্ক্রিনিংস
কলোনি (ইয়ন সাং-হো, দক্ষিণ কোরিয়া)
রোমা ইলাস্টিকা (বার্ট্রান্ড মান্ডিকো, ফ্রান্স)
স্যাঙ্গুইন (মারিয়ন লে করোলার, ফ্রান্স)
ফুল ফিল (কোয়েন্টিন ডুপিয়েক্স, ফ্রান্স)
জিম কুইন (নিকোলাস আথানে, মার্কো নুয়েন; ফ্রান্স)
কান প্রিমিয়ার
প্রপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ (জন ট্রাভোল্টা, যুক্তরাষ্ট্র)
কোকুরোজো: দ্য সামুরাই অ্যান্ড দ্য প্রিজনার (কিয়োশি কুরোসাওয়া, জাপান)
হাইমসুচুং (ফলকার শলন্ডর্ফ, জার্মানি)
দ্য থার্ড নাইট (ড্যানিয়েল অঁতুইল, ফ্রান্স)
স্পেশাল স্ক্রিনিংস
জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ (স্টিভেন সোডারবার্গ, যুক্তরাষ্ট্র)
অ্যাভেডন (রন হাওয়ার্ড, যুক্তরাষ্ট্র)
দ্য সারভাইভারস অব চে (ক্রিস্টোফে রেভেইল্লে, ফ্রান্স)
ওয়ান্ডারফুল মর্নিংস (আভরিল বেসন, ফ্রান্স)
আঁ সাঁর্তে রিগা
এভরিটাইম (সান্দ্রা উলনার, অস্ট্রিয়া)
আই উইল বি গন ইন জুন (ক্যাথারিনা রিভিলিস, রাশিয়া)
ইয়েসটারডে দ্য আই ডিড নট স্লিপ (রাকান মায়াসি, জার্মানি)
দ্য মেল্টডাউন (ম্যানুয়েলা মারতেল্লি, চিলি)
ক্লাব কিড (জর্ডান ফার্স্টম্যান)
টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মায়াজমা (জেন শোনব্রুন, যুক্তরাষ্ট্র)
দ্য সুইটেস্ট (লায়লা মারাকশি, ফ্রান্স-মরক্কো)