মার্চে নারী নির্যাতনের চিত্র উদ্বেগজনক: হত্যা ৪৭, ধর্ষণ ৫৭
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
বুধবার, ১ এপ্রিল, ২০২৬
-
৫৩
সময় দর্শন
মার্চে নারী নির্যাতনের চিত্র উদ্বেগজনক: হত্যা ৪৭, ধর্ষণ ৫৭
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
চলতি বছরের মার্চ মাসে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে দেখা গেছে, মার্চ মাসে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন।
সংগঠনটি জানিয়েছে, প্রতিবেদন তৈরি করা হয়েছে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে। মার্চে মোট ১৯০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনায় ১৪টি ছিল দলবদ্ধ ধর্ষণ। এর মধ্যে পাঁচজনকে হত্যার শিকার করা হয়েছে। এছাড়া ছয়জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং ১২ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। হত্যার ঘটনায় ৮ জন কন্যাসহ মোট ৪৭ জন নারী নিহত হয়েছেন। এছাড়া ১৭ জনের রহস্যজনক মৃত্যুও প্রতিবেদনে উঠে এসেছে। অন্যান্য সহিংসতার মধ্যে রয়েছে—একজন নারী অ্যাসিডে দগ্ধ, তিনজন অগ্নিদগ্ধ (যার একজন মারা গেছেন), যৌতুকের জন্য পাঁচজন নির্যাতিত ও তিনজন নিহত। পারিবারিক সহিংসতায় দুজন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং একটি গৃহকর্মীর হত্যা ঘটেছে।
মার্চে ১৪ জন নারী ও কন্যা আত্মহত্যা করেছেন, যার মধ্যে পাঁচজন প্ররোচিত। অপহরণচেষ্টার শিকার হয়েছেন দুজন কন্যাসহ পাঁচজন। সব মিলিয়ে, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতি গুরুতর উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের দ্রুত বিচার ও সহায়তা নিশ্চিত করা এখন অতীব জরুরি।

Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর