তেরখাদা প্রতিনিধি :
খুলনার তেরখাদা উপজেলা সদরের অন্যতম বৃহৎ কাটেঙ্গা বাজারে খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
রোববার (২২ মার্চ) দেওয়া এ ঘোষণাকে ঘিরে বাজারজুড়ে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাজারে খাজনা আদায় এবং সড়কের ওপর দোকানপাট বসানোর কারণে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছিলেন। নতুন এ সিদ্ধান্তের ফলে বাজারের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এমপি হেলালের নির্দেশনায় বাজার এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে করে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং যানজটসহ নানা সমস্যার সমাধান হবে।
বাজারের ইজারাদার ওবায়দুল্লাহ বলেন, “এলাকার মানুষের স্বার্থ বিবেচনা করেই এমপি আজিজুল বারী হেলাল এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। খাজনা বন্ধ হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন, বাজারে আবার স্বাভাবিক গতি ফিরে এসেছে।”
তিনি আরও বলেন, সড়ক দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আরও জোরদার হবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, এমপি হেলালের এ সিদ্ধান্ত শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বরং এটি জনস্বার্থে নেওয়া একটি সময়োপযোগী পদক্ষেপ। এতে বাজারকেন্দ্রিক জনজীবনে স্বস্তি ফিরেছে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে।
এলাকাবাসীর আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা তেরখাদা উপজেলার উন্নয়ন ও জনজীবনে ইতিবাচক প্রভাব রাখবে।