দিনাজপুর জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের বসতবাড়ি ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিয়ামতপুর ভজে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ৩০ মার্চ (সোমবার) ভোরে সরজমিনে গিয়ে জানা যায়, সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন ভজেপাড়া এলাকার বাসিন্দা লিপি আক্তারের ঘর থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, পরিবারগুলো ঘর থেকে কোনো কিছুই বের করার সুযোগ পায়নি।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টার পর রাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা। তবে তার আগেই ছয়টি পরিবারের সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও সর্বস্ব হারানো ব্যক্তিরা হলেন, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আকতার, শফিকুল ইসলাম। আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি তারা। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি, তবে ভুক্তভোগীদের দাবি- আগুনে তাদের কয়েক লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডের খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এখন পর্যন্ত কোনো সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।